প্রবাসীদের অবদানে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা ও বিনিয়োগ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রবাসীদের আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন মন্ত্রী।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্য আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তিস্থল। সেখানে বসবাসরত বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও তারা পরোক্ষভাবে সহায়তা করছেন বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশের নারীর ক্ষমতায়নে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে, যা ভবিষ্যতে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনে সহায়ক হবে।
নারীদের স্বাস্থ্য সুরক্ষা, আইনি অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ব্রিটিশ এই জনপ্রতিনিধি।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।








