Logo

সংসদে ডেপুটি স্পিকার পদ পাচ্ছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৪:৪১
সংসদে ডেপুটি স্পিকার পদ পাচ্ছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কোন দল পাবে— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত একটি সমঝোতার দলিল। সেই সনদের প্রতি শ্রদ্ধা রেখেই সরকার ধাপে ধাপে তা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সরাসরি আলোচনার মাধ্যমে জানানো হয়েছে যে, তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্ধারণ করে। সরকার চায় স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হোক, যাতে সংসদের কার্যক্রম শুরু থেকেই পূর্ণতা পায়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান ও সংসদীয় বিধি অনুযায়ী সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদেই নিজেদের প্রার্থী দিতে পারে। তবে জুলাই জাতীয় সনদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার রাখার বিষয়ে যে অঙ্গীকার রয়েছে, সেটিকে গুরুত্ব দিয়েই সরকার এই প্রস্তাব দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, এটি সরকারের পক্ষ থেকে একটি সদিচ্ছার প্রকাশ। রাজনৈতিক সহমত ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সংসদ পরিচালনার পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উচ্চকক্ষ গঠন নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব এখনই বাস্তবায়নযোগ্য বলেই মনে করছে সরকার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD