মাদক কারবারিদের গুলিতে ডিএনসি ইন্সপেক্টর গুলিবিদ্ধ

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ কর্মকর্তার নাম মো. সিদ্দিকুর রহমান (৩৮)।
বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত বিশেষ মাদকবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে সোমবার সাতটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল। একটি টিম সায়েদাবাদ রেললাইন এলাকায় অবস্থানকালে তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত করে।
বিজ্ঞাপন
তিনি জানান, তাদের একজনকে আটক করার চেষ্টা করলে অভিযুক্তরা পকেট থেকে পিস্তল বের করে ডিএনসি সদস্যদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। গুলি ছুড়ে তারা পালিয়ে যায়।
আহত কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








