Logo

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও তিন উপ-প্রেস সচিব নিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৭:৪০
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও তিন উপ-প্রেস সচিব নিয়োগ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর দপ্তরে নতুন দায়িত্বে যোগদান করেছেন এসএএম মাহফুজুর রহমান। তিনি চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া তিন জনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (গ্রেড-৪) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা এবং মো. জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) চারটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্পিচ রাইটার নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাহফুজুর রহমানকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তাঁর দায়িত্বকাল প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তারা গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগও প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি পর্যন্ত প্রযোজ্য।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই পদে দায়িত্ব নেওয়া কর্মকর্তারা সরকারের সঙ্গে সমন্বয় করে প্রধানমন্ত্রীর অফিস থেকে জনসংযোগ ও সংবাদ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD