Logo

আজ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১১:০৫
আজ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে কার্ড তুলে দিয়ে এই উদ্যোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সুবিধাভোগী পরিবারগুলোর মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তাও পাঠানো হবে।

বিজ্ঞাপন

এর আগে কর্মসূচিটির উদ্বোধন বগুড়ায় করার পরিকল্পনা ছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকার কড়াইল এলাকাকেই উদ্বোধনের স্থান হিসেবে নির্ধারণ করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার থেকে রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জেও পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি চালু করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD