মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) ঢাকা থেকে আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আকাশপথে চলাচল বন্ধ থাকার কারণে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে বহু ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
বিজ্ঞাপন
বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গত ১২ দিনে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।








