বদলি হয়ে ঢাকায় ফিরছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

মেক্সিকোতে দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দ্রুত বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক সরকারি আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, রাষ্ট্রদূতকে অনতিবিলম্বে মেক্সিকোতে তার দায়িত্ব শেষ করে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগ দিতে হবে।
বদলির বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মুশফিকুল ফজল আনসারী। সেখানে তিনি সরকারি প্রজ্ঞাপনের কপি শেয়ার করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
বিজ্ঞাপন

সরকারি আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূত এবং তার পরিবারের সদস্যরা ভ্রমণ ব্যয়সহ প্রাপ্য অন্যান্য ভাতা পাবেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আরও কয়েকটি কূটনৈতিক পদে পরিবর্তন আনা হয়েছে। মেক্সিকোর পাশাপাশি পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা তিন রাষ্ট্রদূত— এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম এবং মো. নাজমুল ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কূটনৈতিক দপ্তরগুলোর এই পরিবর্তনকে নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।








