Logo

ঢাকার নতুন স্পিকারকে ইসলামাবাদ থেকে শুভেচ্ছা বার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ২০:৫৩
ঢাকার নতুন স্পিকারকে ইসলামাবাদ থেকে শুভেচ্ছা বার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। বৃহস্পতিবার (১২ মার্চ) এক শুভেচ্ছাবার্তার মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

পাকিস্তানের জাতীয় পরিষদের পক্ষ থেকে পাঠানো ওই চিঠির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভেরিফায়েড পেজেও প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশের নতুন স্পিকারের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশা প্রকাশ করা হয়।

বার্তায় সর্দার আয়াজ সাদিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের। ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং অভিন্ন ঐতিহ্যের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়েছে, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্ব পারস্পরিক সহযোগিতা ও সংসদীয় কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সংসদীয় পর্যায়ের যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

চিঠিতে পাকিস্তানের স্পিকার বাংলাদেশের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফর বাস্তবায়িত হলে দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও বোঝাপড়া আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সর্দার আয়াজ সাদিক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD