ফ্যাসিস্ট যুগের পুলিশ আর দেশে ফিরবে না, হবে বন্ধু: আইজিপি

নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ফ্যাসিস্ট যুগের পুলিশ যেন দেশে আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই কাজ করছে পুলিশ বাহিনী। প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন, পুলিশ হবে সৎ, মানবিক এবং জনগণের বন্ধু।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে আয়োজিত সুধী সমাবেশে আইজিপি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
আইজিপি আরও বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত সমাজ চলতে পুলিশ অপরিহার্য। শিশুর জন্মের পর নিরাপত্তা নিশ্চিত করতে, কবর দেওয়ার সময় কঙ্কাল চুরি রোধ করতে—প্রতিটি ক্ষেত্রে পুলিশ প্রয়োজন। জনগণ পুলিশকে সহযোগিতা করুন।
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশ সমন্বয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট থাকবে এবং টহল জোরদার করা হবে।
প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরকে মাদকমুক্ত করতে সকলকে সচেতন থাকতে হবে। ঈদযাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখা।
বিজ্ঞাপন
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।








