Logo

বিএনপি জুলাই সনদের নীতিমালা মেনে এগোবে: আইনমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৬ মার্চ, ২০২৬, ১৮:৩০
বিএনপি জুলাই সনদের নীতিমালা মেনে এগোবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে দলটি ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা কোনো আবেগের জায়গা থেকে নয়; বরং আবেগ এবং আইন দুইটাকে এক সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর এলাকায় প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আইনমন্ত্রী বলেন, যারা জুলাই সনদের বিষয়বস্তু পড়বেন তারা লক্ষ্য করবেন সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাংবিধানিক কাঠামোর মধ্যেই সংশোধনের যে প্রক্রিয়া রয়েছে, সেই বৈধ পথ অনুসরণ করেই সরকার ও দল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেশের জলাধার, নদী ও খাল রক্ষায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পুনঃখননের এই কর্মসূচির মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাধার সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতি মোকাবিলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও বিল পুনঃখননের কাজ করা হবে। পাশাপাশি যেসব ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে খাল-বিল বা জলাশয় দখল করে রেখেছে, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানও চালানো হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বিসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী-খাল পুনরুদ্ধার এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ দেশের পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি, মৎস্য এবং পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD