ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: আইজিপি

ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি যাত্রীদের এমন কোনো ঘটনার মুখোমুখি হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, ঈদকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
তিনি আরও বলেন, ঈদের সময় মহাসড়কে দীর্ঘ যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যেখানে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় যানজট সৃষ্টি না হয়। স্থানীয় পর্যায়েও যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
বিজ্ঞাপন
আইজিপি উল্লেখ করেন, যত্রতত্র গাড়ি পার্কিং এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামার কারণে যানজট বেড়ে যায়। এসব বিষয়ে সবাই সচেতন হলে ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।








