ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী রমজান মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই মাস মানুষকে সংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। একই সঙ্গে অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা তৈরি করে, যা সমাজে সহমর্মিতা ও সহযোগিতার চেতনা জাগ্রত করে।
তিনি আরও বলেন, রমজানের এই শিক্ষাগুলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত হলেই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। ঈদ সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।
বিজ্ঞাপন
সরকারপ্রধান বলেন, ঈদের এই আনন্দঘন সময়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা আমাদের দায়িত্ব। তিনি জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সংহতি আরও জোরদার করার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি মানবিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ-জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।








