ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হয়, যা ইতিহাসে ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। মুক্তিযুদ্ধ পরিচালনায় এ সরকারই রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলে।
বিজ্ঞাপন
এই সরকারের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দীন আহমদ। এছাড়া মন্ত্রিসভায় ছিলেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান।
সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে এই অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরবর্তীতে স্থানটির নামকরণ করা হয় ‘মুজিবনগর’ এবং এটিকে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
প্রবাসী এই সরকারের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। রাজনৈতিক, কূটনৈতিক ও প্রচার কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সরকার। এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে অগ্রসর হয়।
অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ—যা ছিল বাঙালি জাতির দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মুক্তি।








