জুলাই চেতনা বাস্তবায়নের পথে সরকার: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা জনগণের ছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। তার ভাষায়, সরকারের এ বিষয়ে অঙ্গীকার স্পষ্ট এবং ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে, আর বর্তমান সরকার সেই চেতনারই প্রতিফলন।
আরও পড়ুন: ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ
বিজ্ঞাপন
শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে। সরকার কিংবা আসামিপক্ষ ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি সাধারণত নিজেকে নির্দোষ দাবি করেন, তবে সংক্ষুব্ধ পক্ষের উচিত গণমাধ্যমে প্রতিক্রিয়া না জানিয়ে আদালতের মাধ্যমেই তাদের বক্তব্য উপস্থাপন করা।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি জানান, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে সরকারের অবস্থানের ওপর পূর্ণ আস্থা রাখা উচিত।
তিনি আরও বলেন, পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছে, তবে তা চূড়ান্ত নয়। আপিল নিষ্পত্তির পর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
বিজ্ঞাপন
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, জেলা বিএনপির সহসভাপতি আবুবকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, কোটচাঁদপুর থানার ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কেএমএইস কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








