‘বার্থ ট্যুরিজম’ নিয়ে কড়াকড়ি, বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বিশেষ করে সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা—যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত—তা ভিসা শর্তের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়।
পোস্টে বলা হয়, কেউ যদি মূলত সন্তান জন্মের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে সেখানে ভ্রমণ করেন, তাহলে তা পর্যটক ভিসার (ট্যুরিস্ট ভিসা) শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। কনস্যুলার কর্মকর্তারা যদি সাক্ষাৎকার বা নথিপত্র যাচাইয়ের সময় এমন উদ্দেশ্যের ইঙ্গিত পান, তাহলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।
বিজ্ঞাপন

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের বিদ্যমান ভিসা নীতিমালায় এ ধরনের কার্যক্রম অনুমোদিত নয়। ফলে আবেদনকারীদের যথাযথ ও প্রকৃত ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ করে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান কিংবা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ধরনের অনিয়ম ভবিষ্যৎ ভিসা আবেদনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞাপন
দূতাবাসের এই বার্তা বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়ম মেনে চলার ওপর জোর দিচ্ছে।








