Logo

সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, দেখতে গেলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৫:৪২
সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, দেখতে গেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চলমান অধিবেশনের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে অধিবেশনের প্রথম পর্ব চলাকালে এ ঘটনা ঘটে, যা সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

সংসদ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা এগিয়ে আসেন। পরে তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ ভবনের লবিতে নিয়ে যাওয়া হয়, যেখানে উপস্থিত চিকিৎসকরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার পর জোহরের নামাজের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই বিরোধীদলীয় সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা সেবার বিষয়ে নির্দেশনাও দেন।

বিজ্ঞাপন

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ সরকারের অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন। হঠাৎ এমন অসুস্থতার ঘটনায় সংসদ সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD