পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর

পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি যাত্রীদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সচিবালয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি-এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী উল্লেখ করেন, সবার অংশগ্রহণ ছাড়া পরিবহন খাতের দুর্ভোগ কমানো সম্ভব নয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় যাত্রী কল্যাণ সমিতির নেতারা পরিবহন আইন ও নীতিনির্ধারণী কমিটিতে যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে মালিক ও শ্রমিক সংগঠনের পাশাপাশি যাত্রীস্বার্থ রক্ষায় তাদের সংগঠন বিভিন্ন কমিটিতে কাজ করেছে। তবে একসময় তাদের বাদ দিয়ে একপক্ষীয়ভাবে পরিবহন খাত পরিচালনার ফলে নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও দুর্ঘটনা বেড়েছে।
তাদের মতে, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে যাত্রীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ জন্য আগের বাতিল হওয়া কমিটিগুলোতে আবারও তাদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
সভায় বাসভাড়া নির্ধারণ, আইন সংস্কার, যাত্রীসেবা উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রী সংগঠনের প্রতিনিধিত্ব রাখার ওপর জোর দেন নেতারা। মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো শুনে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন।
সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক নিরাপত্তা জোরদার করতে সড়ক, রেল ও নৌ পরিবহন খাতে আইন ও বিধিমালা সংস্কার প্রয়োজন।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এছাড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








