Logo

প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১৬:৪৪
প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং এগুলোর পুনরুজ্জীবনে করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একটি কার্যকর ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিদ্যমান জটিলতা দূর করে বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে। তিনি মনে করেন, দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত প্রশাসনিক ধাপ বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেওয়া এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে। এছাড়া বিভিন্ন দপ্তরের অনুমতির জটিলতা বিনিয়োগকারীদের জন্য বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে।

এ পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন, যেসব অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। পাশাপাশি পুরো অনুমোদন ব্যবস্থাকে সময়োপযোগী ও বিনিয়োগবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

বন্ধ সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD