চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের সীমায় আবদ্ধ নয়; এটি মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা এবং মনোজগৎ গঠনের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। একটি সৃজনশীল কাজ—তা চলচ্চিত্র হোক বা সাহিত্য—মানুষের ভাবনায় আমূল পরিবর্তন আনতে পারে এবং নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করতে সক্ষম।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত ‘সত্যজিৎ রায় উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, যোগাযোগ ও সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমাজে মানুষের মানসিক গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ড সাধারণ মানুষের চিন্তার ধরণকে প্রভাবিত করে এবং সমাজে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, উপমহাদেশের ইতিহাস—বিশেষ করে ১৯৪৭ সালের ভারত বিভাজন—আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং সামগ্রিক চিন্তাজগতে গভীর প্রভাব বিস্তার করেছে। তবে এই ঐতিহাসিক প্রভাব যেন চিন্তার স্বাধীনতাকে সংকুচিত না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় তিনি ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর জোর দেন এবং তরুণ প্রজন্মের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, সত্যজিৎ রায়ের মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তার দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমসাময়িক বাস্তবতায় এই মূল্যবোধ ধারণ ও চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সৃষ্টিশীল ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিজ্ঞাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্য পরিষদ এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাড়ে, চলচ্চিত্র গবেষক অধ্যাপক মঈন উদ্দিন খালেদ, নির্মাতা তানভীর মোকাম্মেল, অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এবং চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরুসহ অন্যান্যরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন।








