Logo

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ২০:৫৫
কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে দেশের সব এলাকায় বর্জ্য অপসারণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে কোনো এলাকায় ময়লা-আবর্জনা জমে না থাকে।

তিনি আরও জানান, খুব শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে সারা দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। সরকারের লক্ষ্য হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

ঈদ উপলক্ষে চাঁদাবাজি ও চামড়া বাণিজ্য নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চামড়া সংগ্রহ ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি বছর কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

পশুর হাট ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক বা মহাসড়কের ওপর কোনোভাবেই পশুর হাট বসাতে দেওয়া হবে না। একইভাবে রেললাইনের কাছাকাছি হাট স্থাপনেও নিষেধাজ্ঞা থাকবে, যাতে রেল চলাচলে বিঘ্ন না ঘটে। প্রয়োজনে বিকল্প নিরাপদ স্থানে হাট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

চামড়া সংরক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতি বছর কোরবানির মৌসুমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান চামড়া সংরক্ষণে সমস্যায় পড়ে। এ সমস্যা সমাধানে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে এ খাতে প্রয়োজনীয় বাজেট অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এছাড়া চামড়া যেন একসঙ্গে ঢাকায় না এসে ধাপে ধাপে আসে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে ট্যানারি শিল্পে অতিরিক্ত চাপ কমবে এবং প্রক্রিয়াজাতকরণ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

উল্লেখ্য, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। এ উপলক্ষে সারাদেশে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বহুমুখী প্রস্তুতি নিচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD