বিদ্যুৎ খাতে সুশাসন ও আধুনিকায়নে জোরালো দিকনির্দেশনা

বিজ্ঞাপন
দেশের গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর কর্মকর্তা এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সাথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) বেলা ১১টায় আরইবি সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
সভায় পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বর্তমান অবস্থা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা এবং পবিসের জেনারেল ম্যানেজাররা বিদ্যুৎ ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আলোচনায় আনুপাতিক লোডশেডিং, সিস্টেম লস কমানো, বকেয়া আদায় জোরদার, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি সফল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি পবিস কর্মকর্তাদের গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন। পাশাপাশি, অলাভজনক পবিসগুলোকে দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভর্তুকি ছাড়াই ক্রস-সাবসিডি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম একটি অনন্য উদাহরণ। তিনি গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং লোডশেডিংসহ বিভিন্ন সমস্যার প্রকৃত কারণ গ্রাহকদের জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম মন্ত্রণালয়ের দিকনির্দেশনা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিজ্ঞাপন








