Logo

জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি অপসারণের নির্দেশ দেয়নি চসিক: মেয়র

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১৮ মে, ২০২৬, ১৩:৪৯
জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি অপসারণের নির্দেশ দেয়নি চসিক: মেয়র
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেয়নি বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (১৮ মে) বিভিন্ন মাধ্যমে গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা-সমালোচনার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন সবসময় নগরের সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছে। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের প্রশ্নই ওঠে না। তাদের কোনো বিভাগ বা শাখাও গ্রাফিতি মোছার কোনো কার্যক্রম পরিচালনা করেনি। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে নগরের টাইগারপাস এলাকায় জুলাই আন্দোলন-সম্পর্কিত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এছাড়া জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার সিএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD