মসজিদে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সমাজে ধর্মের অপব্যাখ্যা ও মৌলবাদের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে। সমাজে যেন মাদক, মৌলবাদ, সন্ত্রাস ও দুর্নীতি বিস্তার লাভ করতে না পারে, সেদিকে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের চেয়ে সমাজের কল্যাণে কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ। জনগণকে সঙ্গে নিয়ে মাদক ও উগ্রবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








