বিরোধী দলের তালিকা পেলেই সংবিধান সংস্কারের পথে অগ্রসর হবে সরকার: আইনমন্ত্রী

বিরোধী দলের প্রতিনিধিদের নামের তালিকা হাতে পেলেই সংবিধান সংশোধনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু করতে সরকার প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, সংসদের সর্বশেষ অধিবেশনের আগে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে সরকারের পক্ষ থেকে সাতজন এবং স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি পাঁচজনের নাম বিরোধী দলের কাছ থেকে চাওয়া হয়েছে। তারা পরবর্তী অধিবেশনে নাম দেওয়ার কথা জানিয়েছে। সেই তালিকা পাওয়া গেলেই সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেগুলো বাতিল করা হয়নি; বরং আরও যাচাই-বাছাইয়ের জন্য উপস্থাপন করা হয়নি। ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন নিয়ে প্রাথমিক পর্যায়ের পরামর্শ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশগুলো পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার তার দায়িত্বের অংশ হিসেবে দ্রুত তদন্ত সম্পন্ন করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং মামলাটি গুরুত্বের সঙ্গে আদালতে উপস্থাপন করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি জানান, সোমবার আদালত খোলার প্রথম দিনেই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তবে বিচারিক সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং প্রয়োজন মনে করলে সর্বোচ্চ শাস্তির বিষয়টিও বিবেচনায় নেবেন।








