বন্যাকবলিতদের পাশে থাকতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) দিনভর তিনি বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন প্রধানমন্ত্রী। উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য শনিবার তিনি ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সফর করবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বিশেষভাবে বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রয়োজনীয় সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ ও অন্যান্য মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।








