বন্যায় ৫ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে দেশের পাঁচটি জেলায় শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পূর্বঘোষিত সূচি অনুযায়ী শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষাও নির্ধারিত ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এ তথ্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে পাঁচ জেলার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে দেশের বাকি আটটি শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত জেলা ছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার শনিবারের সব এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গত ২ জুলাই। এবার প্রায় ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ পর্যন্ত চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় আগে একটি পরীক্ষা স্থগিত হওয়ায় সেখানে এখন পর্যন্ত তিনটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবারের পরীক্ষাও স্থগিত হওয়ায় ওই অঞ্চলের শিক্ষার্থীদের আরও একটি পরীক্ষা পিছিয়ে গেল।








