Logo

১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৭:০৪
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষক নেতারা। একই সঙ্গে দাবিগুলো পূরণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’। এতে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার পর ২০২৫ সালের ১০ নভেম্বর মন্ত্রণালয়ের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক বছর পার হয়ে গেলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষক সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

শিক্ষকদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় শিক্ষকরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষক নেতারা বলেন, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার সময়ের মধ্যেই তিন দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড কার্যকর করাসহ সব দাবি পূরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

শিক্ষকদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত হলে তাদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD