Logo

আজ এইচএসসি পরীক্ষার দশটি বোর্ডে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৬, ১৭:৫৯
আজ এইচএসসি পরীক্ষার দশটি বোর্ডে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী
ফাইল ছবি

দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ধারাবাহিকতায় বুধবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় এদিনের পরীক্ষা স্থগিত রাখা হয়। অন্য বোর্ডগুলোতে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় নকলসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৮০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ফলে সব বোর্ড মিলিয়ে বহিষ্কারের সংখ্যা দাঁড়ায় ৯৫ জনে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপস্থিতি পরিসংখ্যানে দেখা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে নিবন্ধিত ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিল ২৩ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী। এ হিসাবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে গড় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৬২ শতাংশ।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৩ দশমিক ৪৭ শতাংশ বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে অসদুপায়ের ঘটনায় সবচেয়ে বেশি বহিষ্কারের ঘটনা ঘটেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। সেখানে ২০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট শিক্ষা বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকায় ওই বোর্ডে এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলেই বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD