দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে জরুরি নির্দেশনা

চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে দেশের সব পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে পাঠানো এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরীক্ষা কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত বা অতিরিক্ত প্রশ্নপত্র নির্ধারিত নিয়মে সঙ্গে সঙ্গে নিরাপদে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না।
এ ছাড়া কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং দায়িত্বপ্রাপ্ত সব ব্যক্তিকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
এই নির্দেশনার অনুলিপি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের পাশাপাশি সব জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।








