Logo

বন্যায় ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই, ২০২৬, ১৭:১৭
বন্যায় ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগে সাত জেলার ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বন্যার প্রভাবে রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, বন্যার পানিতে এখনো ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। পাহাড়ি ঢল ও বন্যার কারণে সাত জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলাভিত্তিক প্রাণহানির পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজারে, যেখানে প্রাণ হারিয়েছেন ৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন

বন্যাকবলিত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD