Logo

শিক্ষামন্ত্রীকে জরুরি তলব প্রধানমন্ত্রীর, চলছে গুরুত্বপূর্ণ বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৮:৫২
শিক্ষামন্ত্রীকে জরুরি তলব প্রধানমন্ত্রীর, চলছে গুরুত্বপূর্ণ বৈঠক
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন | ফাইল ছবি

চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে জরুরি ভিত্তিতে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সূত্রের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো কিংবা শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। এ কারণে বৈঠকটিকে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে তারা সেখান থেকে আবারও সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় তারা ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’ স্লোগানও দেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD