Logo

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কন্টেইনার জাহাজ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
৪ আগস্ট, ২০২৬, ১৪:০৯
চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কন্টেইনার জাহাজ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর মোহনায় আটকে পড়া মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি সিএনসি ইউরেনাস সফলভাবে উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাতভর পরিচালিত সমন্বিত অভিযানের পর জাহাজটিকে নিরাপদে বন্দরের ‘বি’ (ব্রাভো) অ্যাঙ্করেজে নিয়ে নোঙর করানো হয়। উদ্ধার অভিযান চলাকালেও বন্দর চ্যানেলে নৌযান চলাচল ও পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বন্দর সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশের সময় ২০১৭ সালে নির্মিত এবং ১৭০ মিটার দীর্ঘ মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা হঠাৎ বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা লেগে নদীর মোহনায় রিটেইনিং ওয়ালে আটকে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চীনের শিকৌ বন্দর থেকে আসা জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস (TEUs) কন্টেইনারবাহী পণ্য ছিল। এছাড়া জাহাজে শিপ মাস্টারসহ মোট ২৪ জন নাবিক অবস্থান করছিলেন। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে এপিএল (বাংলাদেশ)।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জরুরি উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে বন্দরের সিনিয়র পাইলটের নেতৃত্বে টাগবোট কান্ডারী-২, কান্ডারী-৪, কান্ডারী-৬ এবং কান্ডারী-১১ অংশ নেয়। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট শিবসা, টানেল কর্তৃপক্ষের টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত উদ্ধার অভিযানে যুক্ত ছিল।

শুধু টাগবোট নয়, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও পুরো সময় চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। রাতভর নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হয় যাতে জাহাজটিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উদ্ধারকারীরা প্রয়োজনে জাহাজের ড্রাফট কমানোর জন্য সাময়িকভাবে কিছু কন্টেইনার খালাসের প্রস্তুতিও নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সমন্বিত প্রচেষ্টায় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছাড়াই গভীর রাতে জাহাজটিকে নিরাপদে উদ্ধার করে ব্রাভো অ্যাঙ্করেজে নিয়ে যাওয়া সম্ভব হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো উদ্ধার অভিযান চলাকালে চ্যানেলে নৌযান চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। একই সঙ্গে পণ্য খালাস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত ছিল। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি পণ্য এই বন্দরের মাধ্যমে পরিবাহিত হয়। ফলে চ্যানেলে আটকে পড়া জাহাজটি দ্রুত উদ্ধার করতে পারায় বন্দর পরিচালনা স্বাভাবিক রাখা এবং জাতীয় বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD