দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, বৈঠকে বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানির বাণিজ্যিক কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন।
মাহদী আমিন বলেন, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে দেশের প্রতিটি বন্দর যাতে ২৪ ঘণ্টা সেবা দিতে পারে, তা নিশ্চিত করবে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও সহজ হবে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের দীর্ঘ বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানান তিনি।
মাহদী আমিন বলেন, দেশে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল, বেজা ও বেপজা রয়েছে। এসব এলাকায় কীভাবে আরও বেশি বিনিয়োগ আনা যায় এবং বিদ্যমান জটিলতা কীভাবে কমানো যায়, তা নিয়েও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজেদের মতামত তুলে ধরেন।
বেসরকারি খাতের বিকাশে সরকারের নীতিগত সহায়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সামনে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের বিপুল জনমিতিক সুবিধাকে কাজে লাগানো হবে। বিশেষ করে তরুণ ও নারীদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে মাহদী আমিন বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। জনবান্ধব সরকার, বাজেট ও নীতিমালা বাস্তবায়নের উদ্যোগকে বেসরকারি খাতের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন।
ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের বিষয়ে বৈঠকেই তাৎক্ষণিক সিদ্ধান্ত আসায় ব্যবসায়ীরা সন্তুষ্ট বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
মাহদী আমিন বলেন, আলোচনার মূল লক্ষ্য হলো ব্যবসা পরিচালনা আরও সহজ করা, বিনিয়োগ বাড়ানো এবং দেশের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।








