Logo

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যাচ্ছে না: নৌ-পরিবহন মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৯:০৯
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যাচ্ছে না: নৌ-পরিবহন মন্ত্রী
মন্ত্রী শেখ রবিউল আলম | ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর পুরোপুরি কোনো বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের কাছেই থাকবে; তবে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট টার্মিনাল পরিচালনায় দেশি-বিদেশি অপারেটর নিয়োগ করা হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় বা সরকারের অনুমোদনক্রমে কেবল টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় দেশীয় ও আন্তর্জাতিক—উভয় ধরনের প্রতিষ্ঠান বিবেচনায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনাল পরিচালনায় দেশি ও বিদেশি অপারেটর ইতোমধ্যে কাজ করছে। উদাহরণ হিসেবে তিনি পতেঙ্গা কনটেইনার টার্মিনালের কথা উল্লেখ করেন, যেখানে বিদেশি অপারেটর দায়িত্ব পালন করছে।

এছাড়া কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানান মন্ত্রী। এই উদ্যোগগুলো বন্দরের সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা প্রাসঙ্গিক আইনের আওতায় একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। সরকারের নীতিগত সিদ্ধান্তগুলো সংস্থাটি বাস্তবায়ন করে থাকে, তবে বন্দর পরিচালনার সার্বিক নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতেই রয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, এই অবস্থান স্পষ্ট হওয়ায় বন্দর নিয়ে বিদেশি নিয়ন্ত্রণের আশঙ্কা অনেকটাই দূর হয়েছে। একই সঙ্গে আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য সীমিত পরিসরে আন্তর্জাতিক অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD