অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হলেও দুঃখজনকভাবে ওই সময়ে শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকা আমদানি করা হয়নি।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ইউনিসেফ আমাদের অনেক হেল্প করেছে। তারা হামের যে ভ্যাক্সিনেশন, সেটি খুব দ্রুততার সঙ্গে পাঠিয়েছে। ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় দুই কোটি শিশুকে এই হামের ভ্যাক্সিনেশন আমরা দেব।
বিজ্ঞাপন
এ সময় তিনি টেস্টিং কিটের ঘাটতির বিষয়টিও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, টেস্ট করার জন্য যে কিট রয়েছে, এটির স্বল্পতা রয়েছে, এটা সঠিক। এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে তিন শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে। সেগুলো আমরা দ্রুত ছাড়ানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি।








