Logo

পাঁচ বছরে আইডি কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৮:৩৩
পাঁচ বছরে আইডি কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দুই লাখ ফ্রিল্যান্সারকে আনুষ্ঠানিক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর পেশায় যুক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৯তম দিনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন সংস্থা ও দফতর সমন্বিতভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি পরিকল্পনার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর আগামী পাঁচ বছরে এক হাজার নতুন ফ্রিল্যান্সার তৈরিতে প্রশিক্ষণ দেবে। পাশাপাশি একই সময়ে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে সাড়ে সাত হাজারের বেশি ফ্রিল্যান্সার এই পরিচয়পত্র পেয়েছেন এবং কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালের মধ্যে দুই হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল) এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান ত্বরান্বিত করতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে চালু রয়েছে, যা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, হাই-টেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকর করতে এবং আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ২০টি ব্যাচে এক হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে পাঁচ হাজারের বেশি চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স এবং সাইবার সিকিউরিটির মতো বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে। স্বল্পমেয়াদি কোর্সের পাশাপাশি এক বছর মেয়াদি ডিপ্লোমা ও পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকেও এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। প্রায় ৭০০ জনকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এদের একটি অংশ প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ‘উইমেন ইন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই)’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি সেশনে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী আইটিইই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এছাড়া ৪০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষ করেছেন এবং ২০ জন নারী উদ্যোক্তা ওয়াইফাই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD