রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করার বিষয়টি দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মোটামুটি নিশ্চিত করেছেন।
তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রার্থী চূড়ান্তের বিষয়টি মূলত তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি অবগত নন বলেও জানিয়েছেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করে দলটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ফরম দুটি সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেয়। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারিত রয়েছে।
তবে মির্জা ফখরুল যদি একমাত্র বৈধ প্রার্থী হিসেবে থাকেন, তাহলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।








