Logo

প্রধানমন্ত্রীর সফর শেষ হতেই আবারও হকারদের দখলে ফুটপাত

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১০ আগস্ট, ২০২৬, ১৮:০৭
প্রধানমন্ত্রীর সফর শেষ হতেই আবারও হকারদের দখলে ফুটপাত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর শেষ হওয়ার এক দিনের মধ্যেই নগরের ফুটপাতগুলো আবারও হকারদের দখলে চলে গেছে। কয়েক দিন আগে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হলেও তা স্থায়ী হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নগরীর সাধারণ পথচারীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে সামনে রেখে চার দিন আগে থেকে নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর অংশ হিসেবে কাজীর দেউড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত থেকে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি নতুন করে রং ও সাজসজ্জার মাধ্যমে এলাকাগুলোকে পরিপাটি করা হয়। এতে সাময়িক স্বস্তি ফিরে এসেছিল নগরবাসীর মধ্যে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়ার পর সোমবার (১০ আগস্ট) দুপুর থেকেই পরিস্থিতি আবার বদলাতে শুরু করে। কাজীর দেউড়ি এলাকায় একের পর এক হকার ফুটপাতের ওপর দোকান বসাতে শুরু করেন।

বিকেল ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, আগের মতোই ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন হকাররা। এতে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কয়েকজন হকার ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবিকার তাগিদেই তাদের ফুটপাতে বসতে হয়। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়। তাদের দাবি, এর আগেও একাধিকবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে কিছুদিন পর আবারও একই জায়গায় ফিরে আসতে হয়। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে বারবার উচ্ছেদ না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

ফুটপাত ফের দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ পথচারীরাও। পথচারী মো. জাহেদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় কাজীর দেউড়ির ফুটপাতগুলো পরিপাটি থাকায় হাঁটাচলায় স্বস্তি ছিল। কিন্তু এক দিনের মধ্যেই আবার আগের মতো জটলা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের নির্বিঘ্নে হাঁটার অধিকার বাধাগ্রস্ত হবে।

আরেক পথচারী সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে ফুটপাতে অবৈধ দোকানগুলো ঘিরে মানুষের ভিড় বাড়ে। এতে ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ থাকে না। বাধ্য হয়ে অনেকে মূল সড়ক দিয়ে চলাচল করেন। এতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অযত্নের চিত্র বদলে নগরের গুরুত্বপূর্ণ কাজীর দেউড়ি মোড়কে আরও নান্দনিক ও পরিচ্ছন্ন রূপ দিতে কাজ করা হচ্ছে। সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এলাকাটিতে নিয়মিত নজরদারি করা হবে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের চলাচল করা এই এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

নগরবাসীর দাবি, শুধু বিশেষ কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে সাময়িক উচ্ছেদ অভিযান চালালে সমস্যার স্থায়ী সমাধান হবে না। ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির পাশাপাশি হকারদের জন্য সুনির্দিষ্ট বিকল্প স্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD