প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, যা জানা গেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকটি শেষ হয়।
বিজ্ঞাপন
তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটিই দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালে সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ ঘটনাকে ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাৎ হলো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর গত ২৯ জুলাই রাষ্ট্রপতি পর্যায়ে পরিচয়পত্র পেশের প্রায় এক মাস পর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
চলতি বছরের এপ্রিলে ভারত সরকার ঢাকায় দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম ভারত কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী।








