মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়িতে পৌঁছান। সেখানে গভীর সমুদ্রবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিজ্ঞাপন
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তিনি অবহিত হবেন বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাতারবাড়ির কর্মসূচি শেষে হেলিকপ্টারে করে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি। বন্যাদুর্গত মানুষের পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রমও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় বিরতি নেবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টার দিকে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে একই দিনে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বন্যাকবলিত মানুষের পুনর্বাসন এবং সাংগঠনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর ৯ আগস্টের সফরসূচি এক নজরে
বিজ্ঞাপন
সকাল ৯:১৫: তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশে যাত্রা
সকাল ১০:৩০: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছানো
মাতারবাড়ি: গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ প্রকল্প ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন
বিজ্ঞাপন
দুপুর ১:৩০: ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে অবতরণের সূচি
পরবর্তী কর্মসূচি: বাবুনগর মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ ও শাহ আহমদ শফীর কবর জিয়ারত
বিকেল ৩:৪৫: হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি
বিজ্ঞাপন
বিকেল ৫:০০: হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠান
সন্ধ্যা: চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সাংগঠনিক সভা








