প্রধানমন্ত্রীর ভারত সফর, এখনো নিশ্চিত করেনি ঢাকা

আগামী সপ্তাহের শেষার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর প্রকাশিত হলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সফরটি নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সরকারি সূত্রগুলো জানিয়েছে, ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছে। তবে কোনো সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
ঢাকা ও নয়াদিল্লির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে সম্ভাব্য সফরের তারিখ হিসেবে ২২ ও ২৩ আগস্টের কথা বলা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের এক সপ্তাহ পর এই সফর হতে পারে।
সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হলে তারেক রহমানের প্রথম ভারত সফর হবে। ফলে দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথের দিক থেকেও সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সম্ভাব্য সফরটি দুই দিনের দ্বিপক্ষীয় সফর হিসেবে পরিকল্পনা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। পাশাপাশি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তবে ব্রিকসের ওই আয়োজনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যে অবশ্য ব্রিকসের অনুষ্ঠানের চেয়ে দ্বিপক্ষীয় সফরকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
সরকারি সূত্রগুলো বলছে, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম সফর নিয়ে নেপথ্যে প্রস্তুতি এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকও হয়েছে। এই বৈঠক সম্ভাব্য সফর নিয়ে আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপর সফরের সিদ্ধান্ত নির্ভর করবে।








