Logo

রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম জানাল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৮:০৫
রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম জানাল ইসি
ছবি: সংগৃহীত

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট কীভাবে পূরণ করবেন এবং ভোট গণনার পর কীভাবে ফল ঘোষণা করা হবে—এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার পদ্ধতি তুলে ধরেন।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ফলে দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সংসদে হবে ভোটগ্রহণ

ইসি সচিবের তথ্য অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এরপর আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন।

যেভাবে ব্যালট পাবেন এমপিরা

আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। এর একটি থাকবে মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার।

বিজ্ঞাপন

মুড়ি অংশে ভোটসংক্রান্ত বিভিন্ন পরিচিতি তথ্য থাকবে। সেখানে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম এবং বিভক্তি নম্বর উল্লেখ থাকবে। নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে।

এই প্রক্রিয়া সম্পন্ন করার পর সংসদ সদস্যকে ব্যালট পেপার দেওয়া হবে।

মূল ব্যালটে যেভাবে ভোট দিতে হবে

বিজ্ঞাপন

মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এভাবেই ভোট প্রদান সম্পন্ন হবে।

ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসি সচিব জানান, বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যালট গণনা শুরু হবে।

কীভাবে ভোট গণনা ও ফল ঘোষণা

বিজ্ঞাপন

ভোট গণনার সময় প্রথমে মোট কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব তথ্য হিসাব করা হবে।

এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কতটি করে বৈধ ভোট পেয়েছেন, তা নির্ধারণ করা হবে। যে প্রার্থী সর্বাধিক বৈধ ভোট পাবেন, নির্বাচনকর্তা তাকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করবেন।

ভোট গণনা ও ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে ফিরে ফলাফলের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায়। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর ভোটের মাঠে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের কর্নেল (অব.) অলি আহমদের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD