Logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমারকে বাংলাদেশের তাগিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ২০:০৪
রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমারকে বাংলাদেশের তাগিদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই কার্যক্রম আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. তৌফিক-উর-রহমানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি বিবৃতিতে ভুল পরিসংখ্যানের ভিত্তিতে তথ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়েও সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

ডিজি মো. তৌফিক-উর-রহমান রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গা সদস্যদের বিষয়টিও যাচাইয়ের আওতায় রাখার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়ার আওতায় ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য দ্রুত মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বৈঠকে জানানো হয়।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করা সঠিক নয়। তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে, যা মিয়ানমার সরকারও সম্প্রতি স্বীকৃতি দিয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তুলে ধরার আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে মিয়ানমার সরকারের অঙ্গীকারের কথাও তিনি জানান।

রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ হলো রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বতঃস্ফূর্ত প্রত্যাবাসন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD