Logo

আনসার-ভিডিপি ব্যাংকের আধুনিকায়নে গভর্নরের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১৫:৪৪
আনসার-ভিডিপি ব্যাংকের আধুনিকায়নে গভর্নরের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা
ছবি: প্রতিনিধি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকটির প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক কার্যক্রম আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং বাহিনীর সদস্যদের আর্থিক সেবা আরও সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সভায় ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ এবং ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রকল্পটির অনুমোদন দ্রুত সম্পন্ন করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদিত হলে বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে তাঁদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। ব্যাংকের কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে CBS বাস্তবায়নকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

CBS বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকের প্রয়োজনীয় জনবল নিয়োগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের BSC-এর মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে, প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে CBS বাস্তবায়ন, ডিজিটাল সেবা চালু এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে CBS বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

এছাড়া গ্রাহকসেবা আরও আধুনিক ও গতিশীল করার পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেন দ্রুত, নিরাপদ ও কার্যকর করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আলোচনায় আসে।

এর আওতায় BACH, NPSB, BEFTN/EFTসহ বিভিন্ন জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় ব্যাংকের সদস্যপদ এবং কার্যক্রম পরিচালনার উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসব কার্যক্রম বাস্তবায়িত হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভবিষ্যতে আরও সহজে বেতন-ভাতা গ্রহণ, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

সভায় ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং গ্রাহকসেবার মান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বাহিনীর সদস্যদের দোরগোড়ায় নিরাপদ ও দ্রুত আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থাকে আরও বিস্তৃত করার ওপর জোর দেওয়া হয়।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইতিবাচক দিকনির্দেশনা এবং সহযোগিতার আশ্বাসকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্যাংক কর্তৃপক্ষের প্রত্যাশা, CBS বাস্তবায়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং জাতীয় পেমেন্ট ব্যবস্থার সঙ্গে কার্যকর সংযুক্তি সম্পন্ন হলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেবার পরিধি ও সক্ষমতা আরও বাড়বে। এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য একটি প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুগম হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করাই এখন ব্যাংকটির অন্যতম প্রধান লক্ষ্য। বাহিনীর সদস্যদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে তাঁদের আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD