Logo

ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৪:৫৪
ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি
ছবি: সংগৃহীত

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

বিজ্ঞাপন

সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেই ভোট দিতে পারবেন। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ নেই। এমনকি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত সংসদ কক্ষেও তার প্রবেশের অনুমতি থাকছে না।

ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন মোট ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য ৫০ জন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় মোট ভোটারসংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভোট দিতে পারছেন না। এ বিষয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের জন্য একজন প্রার্থীকে অন্তত ১৭৫টি ভোট পেতে হবে। সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য রয়েছেন। দলটির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্যও রয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মোট সংসদ সদস্য ৯০ জন। এর মধ্যে জামায়াতের ৭৭ জনের পাশাপাশি জামায়াত সমর্থিত জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। এ জোটে জাতীয় নাগরিক পার্টির আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

যেভাবে হবে ভোটগ্রহণ

সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি সংসদ সদস্যদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করবেন।

সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। ব্যালট নেওয়ার আগে ব্যালটের মুড়ি অংশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে তা ব্যালট বাক্সে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে ভোট দিতে পারবেন। তাদের জন্য সংসদ কক্ষে পৃথক আসনের ব্যবস্থা রাখা হয়েছে।

ভোট ও গণনা সরাসরি সম্প্রচার

ভোটগ্রহণের শুরুতে রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার এবং প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরপর ভোট শেষ না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনা শুরু হলে আবার সম্প্রচার চালু করা হবে।

বিজ্ঞাপন

শূন্য পদে নির্বাচনের প্রক্রিয়া

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ শুরু থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় ছিলেন না।

বিজ্ঞাপন

১৯৯১ সালের পর আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

এরপর আরও সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী কোনো প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার বিরোধী জোট প্রার্থী দেওয়ায় দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD