রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন-যুক্তরাজ্যের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বার্তা প্রকাশ করা হয়। এর প্রায় ১৫ মিনিট পর একইভাবে শুভেচ্ছা জানায় ব্রিটিশ হাইকমিশন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর অভিনন্দন বার্তায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন এই সময়ে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত দেশটি। এর মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণই উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে ব্রিটিশ হাইকমিশন তাদের বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানায়।
ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য।








