Logo

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন নজরদারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৫:৩৩
রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন নজরদারি
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার পাশাপাশি ড্রোন নজরদারি চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে একটি ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

ড্রোনের মাধ্যমে যানজটের কারণ শনাক্তের পাশাপাশি ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহন চিহ্নিত করা, চালকদের সতর্ক করা এবং পরবর্তী সময়ে স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করে ভিডিও ফুটেজের ভিত্তিতে মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ পরিকল্পনার কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হলেও বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাপনায় এটি নতুন উদ্যোগ। অনেক সময় মূল সড়কের পাশাপাশি ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানজট তৈরি হয়। কিন্তু কোথা থেকে বা কী কারণে যানজটের সৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না। গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করা গেলে সরাসরি বাস্তব সময়ের তথ্য পাওয়া যাবে এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

বিজ্ঞাপন

ড্রোনে স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করা হলে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে মামলা করার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।

বাসের অনিয়ন্ত্রিত চলাচল বড় সমস্যা

রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে বাসের অনিয়ন্ত্রিত থামা ও যাত্রী ওঠানামার বিষয়টি তুলে ধরেন ডিএমপির এই কর্মকর্তা। তার মতে, অনেক বাস নির্ধারিত স্টপেজে না থেমে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠায়। এতে পেছনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, উন্নত দেশগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বাস চলাচল করে। কোন বাস কখন কোথায় যাবে বা থামবে, তার একটি নির্দিষ্ট ব্যবস্থাপনা থাকে। বাংলাদেশে এ ধরনের কার্যকর ব্যবস্থা না থাকায় যাত্রী সংগ্রহে বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার মতে, ই-টিকিটিং ব্যবস্থা এবং বাস রুট পুনর্বিন্যাস কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজধানীর গণপরিবহন ব্যবস্থার ভোগান্তি পুরোপুরি কমানো কঠিন।

বিজ্ঞাপন

ড্রোন থেকেই দেওয়া যাবে সতর্কবার্তা

ড্রোনে শব্দ বা কণ্ঠস্বরের ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে। কোনো যানবাহন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করলে ড্রোন থেকেই চালককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া যাবে।

এ ছাড়া ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকার ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তবে পুরো কার্যক্রম এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। একটি প্রতিষ্ঠান পরীক্ষার জন্য ডিএমপিকে একটি ড্রোন দিয়েছে। সেটি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সফল হলে দ্রুত মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া সম্ভব হলেও এজন্য প্রয়োজনীয় ইন্টারনেট, সার্ভার ও অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে হবে। এর সঙ্গে ব্যয়ের বিষয়টিও জড়িত বলে জানান তিনি।

ফুটেজ যাচাই করে মামলা

ড্রোনের মাধ্যমে পাওয়া ফুটেজের ভিত্তিতে মামলা দেওয়ার ক্ষেত্রে আপাতত পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হচ্ছে না। প্রথমে ফুটেজ বিশ্লেষণ করে আইন লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামলা করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আনিছুর রহমান বলেন, বেশি মামলা করাই পুলিশের লক্ষ্য নয়। বরং মানুষ যাতে ট্রাফিক আইন মেনে চলে, সেটিই মূল উদ্দেশ্য। কারণ মামলার সংখ্যা বেশি হওয়া মানেই ট্রাফিক ব্যবস্থাপনা ভালো হয়েছে—এমনটি নয়।

সদস্যদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

ড্রোন পরিচালনা একটি কারিগরি বিষয় হওয়ায় ট্রাফিক পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে তেজগাঁও বিভাগ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে একটি দল প্রশিক্ষণ নিয়েছে। পরবর্তী ধাপে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহারও শুরু করেছে ডিএমপি। শাহবাগ থেকে শুরু করে ১৪টি এবং লেক রোডের একটি—মোট ১৫টি ট্রাফিক সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় আনা হয়েছে। পাশাপাশি ডিএমপির অন্যান্য সিগন্যাল নিয়েও কাজ চলছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারে শুরুতে কিছুটা সময় প্রয়োজন হবে। এআইভিত্তিক সিগন্যাল ব্যবস্থায় ইতোমধ্যে কার্যকর ফল পাওয়া যাচ্ছে, যদিও কিছু সমস্যা রয়েছে। ড্রোন ব্যবস্থাপনাতেও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে। কোনো নেতিবাচক দিক ধরা পড়লে সেটি চালু করা হবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD