Logo

ফের চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ২০:৪০
ফের চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ
ছবি: সংগৃহীত

তিন দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে এক্সিলারেট এনার্জির ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। স্পট মার্কেট থেকে কেনা ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) এলএনজিবাহী কার্গো নির্ধারিত সময়ের এক দিন আগেই পৌঁছানোর পর টার্মিনালে গ্যাস খালাস শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহও বাড়তে শুরু করেছে। শনিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পেট্রোবাংলা।

বিজ্ঞাপন

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তিন দিন আগে এক্সিলারেটের টার্মিনালে মজুত এলএনজি শেষ হয়ে যায়। ফলে ওই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গ্যাস সংকটের প্রভাব আরও তীব্র হয়।

এর আগে পেট্রোবাংলা জানিয়েছিল, এক্সিলারেটের টার্মিনালের জন্য পরবর্তী এলএনজি কার্গো রোববার পৌঁছাতে পারে। ফলে এর আগে আমদানি করা গ্যাসের সরবরাহে বড় ধরনের উন্নতির সম্ভাবনা কম ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই নতুন কার্গো পৌঁছানোয় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সামিটের টার্মিনালের জন্য আনা আরেকটি এলএনজি কার্গোও পৌঁছেছে। এতে ওই টার্মিনালে গ্যাসের মজুত বেড়েছে। তবে পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, সামিটের টার্মিনাল বর্তমানে সর্বোচ্চ সক্ষমতায় দৈনিক প্রায় ৫৭ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। ফলে নতুন কার্গো আসার পরও তাৎক্ষণিকভাবে অতিরিক্ত গ্যাস সরবরাহের সুযোগ নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত বুধবার দুপুরের পর এক্সিলারেটের টার্মিনালে সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যায়। এরপর ওই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলেও সামিটের টার্মিনাল থেকে সরবরাহ অব্যাহত ছিল।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এলএনজি থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৫৭ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। একই সময়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ ছিল ১৬২ কোটি ৬০ লাখ ঘনফুট। সব মিলিয়ে ওই সময়ে দেশে মোট গ্যাস সরবরাহ দাঁড়ায় ২১৯ কোটি ৬০ লাখ ঘনফুট।

বিজ্ঞাপন

দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। সে হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় চাহিদার তুলনায় সরবরাহ ছিল প্রায় ৫৭ দশমিক ৮ শতাংশ। ঘাটতি ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট।

দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সম্মিলিত দৈনিক গ্যাস সরবরাহের সক্ষমতা প্রায় ১১০ কোটি ঘনফুট। তবে বৃহস্পতিবার দুই টার্মিনাল মিলিয়ে সরবরাহ ছিল সক্ষমতার প্রায় ৫২ শতাংশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD