Logo

২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৮
২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশের কেন্দ্রীয় অপরাধ পরিসংখ্যান এবং জেলা পর্যায় থেকে পাওয়া সমন্বিত তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই সরকারের এ মূল্যায়ন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মাসিক তথ্য পুলিশ সদর দপ্তরে সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। আগের বছরের একই ধরনের পরিসংখ্যানের সঙ্গে এসব তথ্য তুলনা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, “২০২৫ সালের তুলনায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, সংখ্যা দিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের সরকারি সূত্র। আপনারা চাইলে যাচাই করতে পারেন।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বক্তব্যের সঙ্গে পুলিশের তথ্যের কোনো বিরোধ তৈরি না করার আহ্বান জানান মন্ত্রী। কারও কাছে ভিন্ন কোনো পরিসংখ্যান থাকলে তা পুলিশকে দিয়ে যাচাই করার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

শিশু নিখোঁজের ঘটনায় প্রায় ১৫ হাজার জিডি হয়েছে এবং আগের সময়ের তুলনায় এ সংখ্যা বেড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যটির উৎস জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “সেই কাগজটা আমাদের দেন, তথ্যটা আমরা একটু যাচাই করে দেখি। আমাদের সূত্র এটা নয়।”

পুলিশ সদর দপ্তরের তথ্য সংগ্রহ প্রক্রিয়া তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা থেকে নিয়মিত মাসিক অপরাধের পরিসংখ্যান নেওয়া হয়। পরে কেন্দ্রীয়ভাবে এসব তথ্য সংকলন করে সারাদেশের অপরাধচিত্র তৈরি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন বুঝতে এসব তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি কথা বলব ডাটাভিত্তিক, প্রমাণভিত্তিক, আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক। সে ডাটাটা আপনারা যাচাই করতে পারবেন।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট। তবে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় প্রয়োজন।

সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গও আসে সাংবাদিকদের প্রশ্নে। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে গোয়েন্দা পুলিশ আরও কয়েকজনকে আটক করে তাদের কাছ থেকে মালামাল জব্দ করেছে এবং আদালতে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছিনতাইকারীরা এখনো সক্রিয়—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে জানিয়ে অপরাধ করে না। তবে বাহিনীর ধারাবাহিক অভিযান চলায় ছিনতাইয়ের প্রবণতা ইতোমধ্যে কমেছে এবং সামনে তা আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশের ভেতরের কোনো অংশ সরকারকে বিব্রত করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গোপনে বাধা দিচ্ছে কি না, এমন প্রশ্নও করা হয়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের তথ্য কারও কাছে থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

তিনি বলেন, বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে এবং এর মাধ্যমে এ ধরনের বিষয় শনাক্ত করা হয়। সাংবাদিকদের কাছে থাকা তথ্যও যাচাইয়ের জন্য দেওয়ার আহ্বান জানান তিনি।

আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অবশ্যই। আমরা দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারবো।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD