Logo

পরকীয়া করায় স্বামীকে হত্যা, ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ স্ত্রীর

profile picture
জেলা প্রতিনিধি
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৭
পরকীয়া করায় স্বামীকে হত্যা, ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ স্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগে রেহেনা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন রেহেনা আক্তার। ফোনে তিনি জানান, আগের রাতে তার স্বামী মাহফুজুর রহমান (৪০)কে ঘুমের ওষুধ খাওয়ানোর পর ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

কল পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে খবর পেয়ে সবুজবাগ থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, পারিবারিক কলহ এবং স্বামীর অন্য নারীদের সঙ্গে পরকীয়ার অভিযোগে ক্ষুব্ধ ছিলেন রেহেনা আক্তার। এ কারণেই তিনি স্বামীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD